বিরোধী দলের আপত্তির মধ্যেই সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধিত আইনে পিতা-মাতা, পিতামহ-মাতামহ, সন্তান-নাতি-নাতনি কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন।রোববার সংসদে ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর জনমত যাচাই, সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো এবং উত্থাপিত সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর তা পাস করা হয়।সংশোধিত বিধানে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ সন্তান কিংবা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলে, অথবা সন্তান-নাতি-নাতনি বিপরীতক্রমে তাদের পিতা-মাতা বা পিতামহ-মাতামহকে সম্পত্তি দান করলে, দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রেও দাতার জীবদ্দশায় সম্পত্তি ভোগের অধিকার বহাল থাকবে।এ ছাড়া দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে ওই সম্পত্তির ভোগাধিকার বজায় থাকবে এবং আইন অনুযায়ী তা গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।বিলটি পাসের সময় বিরোধী দল এর তীব্র বিরোধিতা করে। তাদের দাবি, সংশোধিত বিধানটি কোরআন-সুন্নাহবিরোধী। এ নিয়ে সংসদে বিতর্কের একপর্যায়ে বিরোধী দলের সদস্যরা কিছু সময়ের জন্য সংসদ কক্ষ ত্যাগ করেন।পাস হওয়া সংশোধিত আইনের বিধানগুলো সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।