ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪০ সময়
পাবনার আটঘরিয়ায় কিশোরী তমা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আদম আলীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা বাজারসংলগ্ন চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এর আগে তিনি ওই ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নির্বাচিত হয়েছিলেন।স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। চণ্ডীপাশা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশঝাড় থেকে তমা খাতুন নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। তমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় করা মামলায় আদম আলীকে প্রধান আসামি করা হয়।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আদম আলীকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।