জবির দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৪ সময়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে রাবেয়া (১৪) ও জুলিয়া (২০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, দুপুর ৩টার দিকে চার নারী ওই পুকুরে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও রাবেয়া ও জুলিয়া পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।নিহত রাবেয়া আতিকুর রহমানের মেয়ে। অপর নিহত জুলিয়া শফিকুল ইসলামের স্ত্রী।দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহতদের মরদেহ নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করেছে।তিনি আরও বলেন, ‘আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি নোটিশ দিয়েছি।’