বিদ্যুৎ ও গ্যাস জনগণের প্রতি কারও দয়া নয়, বরং মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, মানুষ বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধের পাশাপাশি নিয়মিত কর দেয়। তাই ঘরে বিদ্যুৎ ও চুলায় গ্যাস থাকা জনগণের অধিকার।সোমবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাজিবুর রহমান বলেন, কৃষকের ঘাম ঝরানো অর্থ, শ্রমিকের উপার্জন এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। এই অর্থ কোথায় ব্যয় হচ্ছে, তার হিসাব জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন। এটি ন্যায়বিচারেরও অংশ।জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, কোনো একটি জাহাজ, টার্মিনাল বা বিশেষ চুক্তির ওপর পুরো দেশের জ্বালানি সরবরাহের ভবিষ্যৎ নির্ভর করা উচিত নয়।জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করে নাজিবুর রহমান বলেন, সরকার সাধারণ মানুষকে কোনো আশার আলো দেখাতে পারছে না। সমস্যার সমাধান না করে দিন গোনা ছাড়া সরকারের আর কিছু করার নেই—এমন বক্তব্যও দেওয়া হচ্ছে।তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতের সমস্যার প্রকৃত কারণ আড়াল করে এর দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে। সর্বোচ্চ পর্যায় থেকে ছয় মাসের মধ্যে সংকট সমাধানের চ্যালেঞ্জ দেওয়া হলেও সেই চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা তৈরি করা হয়নি বলে দাবি করেন তিনি।নাজিবুর রহমান বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা জ্বালানি খাত নিয়ে প্রস্তাবনা তৈরি করেছেন। একই সঙ্গে কার্যকর বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত, তার একটি দৃষ্টান্ত তৈরি করাও এর উদ্দেশ্য।তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের মাধ্যমে তারা প্রমাণ করবেন যে জ্বালানি খাতের বর্তমান সংকটের পেছনে রয়েছে ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা ও সরকারের অযোগ্য নেতৃত্ব। সংকট নিরসনে তাঁদের প্রস্তাবনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের পথও তুলে ধরা হয়েছে।বিদ্যুৎ-গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: নাজিবুর রহমান
আমার দেশ অনলাইন