নাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার নগর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তিনজন হলেন—চরগোবিন্দপুর গ্রামের মৃত আজাহার আলী মণ্ডলের ছেলে বুলবুল মণ্ডল (২৪), চৌমুহন উত্তরপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে হাসিবুল হাসান রাজু (২৬) এবং আবু তালেব মোল্লার ছেলে আজিজুল হক স্বপন (২৬)। সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, অভিযানের সময় বুলবুল মণ্ডলের প্যান্টের পকেট থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং জব্দ করা মোবাইল ফোনের তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণে জানা গেছে, তাঁরা বিএনপি নেতা সাব্বাব হক সাবুর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ব্যবসা করতেন।সাব্বাব হক সাবু উপজেলার চৌমুহন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপি নেতা এবং জোনাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাঁর বক্তব্য জানতে ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং জব্দ করা মোবাইল ফোনের তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাঁদের ইয়াবা সংগ্রহ ও ব্যবসার বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।