সুনামগঞ্জে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, ১৮ মামলায় জরিমানা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫১ সময়
সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে পৌর প্রশাসন। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।সোমবার দুপুর ২টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট ও কালীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।অভিযানে ১৮টি মামলায় ১৮ জনকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দখল করে রাখা কিছু মালামাল জব্দ করা হয়েছে।পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, যানজট নিরসনে অনিবন্ধিত অটোরিকশা আটক করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সড়কের দুই পাশের অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট অপসারণ করা হয়েছে।তিনি বলেন, পুনরায় সড়ক ও ফুটপাত দখল ঠেকাতে ওই এলাকায় স্থায়ীভাবে স্টাফ রাখা হবে। শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।