বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:১৮ সময়
ইতালির ভেনিসে চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাঁধনের সঙ্গে যা হয়েছে, তা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ।মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে একটি নোটিশের ওপর আলোচনার ফাঁকে তিনি এ প্রতিক্রিয়া জানান। ডেপুটি স্পিকার বলেন, ওই ঘটনায় নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। একই দিন সংসদে বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানানো হয়।এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে গিয়ে হামলার শিকার হন বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তাঁর ছোট সন্তানের সঙ্গে অবস্থানের সময় তাদের ওপর হামলা চালানো হয়।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে সহশিল্পী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে।২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। তাঁর সেই ভূমিকার সঙ্গে ভেনিসের হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিশ্চিত নয়।