ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ, প্রথম টেস্ট ২৮ অক্টোবর
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৭ সময়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অংশ।সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দুটি টেস্টই শুরু হবে সকাল ১০টায়।এর আগে ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। মূল সিরিজ শুরুর আগে বাংলাদেশের ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। ফলে ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের সামনে তাই সিরিজটিতে ভালো ফল করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ রয়েছে।