সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:২২ সময়
গ্রাউবুন্ডেনে নিরাপত্তা ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে ঢালে পড়ে বাস, আহত বেশ কয়েকজনসুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে ডাচ পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার দেশটির পুলিশ দুর্ঘটনার তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার বিকেলে সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় গ্রাউবুন্ডেন ক্যান্টনে এ দুর্ঘটনা ঘটে। জেনেভা থেকে এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্থানীয় পুলিশের এক মুখপাত্র সুইস গণমাধ্যমকে জানান, বাসটি প্রথমে সড়কের একটি নিরাপত্তা ব্যারিয়ারে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।ডাচ ট্রাভেল এজেন্সি ফেডারেশন (এএনভিআর) এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটির মালিক পর্যটন সংস্থা ওড। বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই নেদারল্যান্ডসের নাগরিক।এএনভিআরের তথ্য অনুযায়ী, বাসটি গত সোমবার নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করে। দুর্ঘটনার সময় এটি অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডে এক দিনের সফরে যাচ্ছিল।দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।