গুলশানে আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৪৯ সময়
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেছেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।