আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলার মহিষলুটি ঢাকা–রাজশাহী মহাসড়কে এ কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরের সমর্থকরা।“এক দফা এক দাবি—তাড়াশে নমিনেশন দিতে হবে” স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছরে তাড়াশ উপজেলা থেকে বিএনপি কখনো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়নি। অথচ তাড়াশ-রায়গঞ্জ নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির সবচেয়ে সিনিয়র, প্রবীণ, ত্যাগী ও ক্লিন ইমেজের নেতা হলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর। অন্য সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও খন্দকার সেলিম জাহাঙ্গীর সর্বজন শ্রদ্ধেয় ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তি।বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। এই কঠিন সময়ে দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য, হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছেও যিনি আস্থার প্রতীক—এমন নেতা ছাড়া এই আসন পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সিরাজগঞ্জ-৩ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরের কোনো বিকল্প নেই।এ সময় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার জনগণ খন্দকার সেলিম জাহাঙ্গীরের হাতে ধানের শীষ দেখতে চায়।গণমিছিলে নেতৃত্ব দেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রামাণিক, তাড়াশ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলী, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান, বারুহাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ, জুলাই যোদ্ধা সাব্বির খন্দকার, শাহিন বাবুসহ তাড়াশ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মুন্জিল হোসেন।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।