এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:০ সময়
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই আয়োজক দেশ জাপানে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১৯ সেপ্টেম্বর আইচি-নাগোয়ায় শুরু হবে এবারের এশিয়ান গেমস। তবে তার পাঁচ দিন আগেই, ১৪ সেপ্টেম্বর মাঠে নামতে হবে ঋতুপর্ণা চাকমাদের।চীনের গুয়াংজুতে এক সপ্তাহের বেশি সময় প্রস্তুতি নেওয়ার পর শুক্রবার সকালে জাপানের নাগোয়ার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। স্থানীয় সময় রাত ৯টায় নাগোয়া বিমানবন্দরে পৌঁছান ঋতুপর্ণারা। এরপর এশিয়ান গেমসের অ্যাক্রিডিটেশন কার্ড সক্রিয় করার আনুষ্ঠানিকতার জন্য দলটি নাগোয়ায় অবস্থান করে।কার্ড সক্রিয় করার আনুষ্ঠানিকতা শেষে বাসে করে ওসাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। এবারের এশিয়ান গেমসে নারী ফুটবলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওসাকায়। ফলে মূল ভেন্যুতে যাওয়ার আগে নাগোয়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে দলকে।তবে জাপানে পৌঁছানোর আগেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। গুয়াংজুতে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন নবীরন খাতুন। ফলে এশিয়ান গেমসে তার খেলা হচ্ছে না। তিনি দলের সঙ্গে জাপানে গেলেও তার পরিবর্তে ঢাকা থেকে অন্য একজন ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। এতদিন প্রতিটি আসরে পুরুষ ফুটবল দল অংশ নিলেও এবার তারা জায়গা পায়নি। অন্যদিকে, ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের মাধ্যমে প্রথমবারের মতো নারী ফুটবল দল এই আসরে অংশ নেয়। এবার দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের মঞ্চে খেলতে যাচ্ছে ঋতুপর্ণাদের দল।