মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।শুক্রবার রাতে উপজেলার আমতৈল ও নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।দলীয় আধিপত্য নিয়ে বিরোধস্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল ও নোহাটা গ্রামে দীর্ঘদিন ধরে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা লিপটন মিয়া ও নোহাটা গ্রামের ইউপি সদস্য সোহেল বিশ্বাস বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।সংঘর্ষে সোহেল বিশ্বাস বাবুর সমর্থক আজম (৫০), ইখলাস (৪৫), ওবাইদুল মোল্যা (৩৫), সোহান শিকদার (৩৩) ও নান্নু শেখ (৩২) গুরুতর আহত হন।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাশ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।