সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৭ সময়
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ছিলেন।স্বজন সূত্রে জানা গেছে, রোববার সকালে কাজ শেষে বাইসাইকেলযোগে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল মাজেদ। পথিমধ্যে শাকদাহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁকে প্রবল ধাক্কা দেয়। এতে তিনি বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে জব্দ করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্তসহ চালক ও সাহায্যকারীকে আটকের জন্য চেষ্টা চলছে।