রিজার্ভ চুরি মামলা: ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৪ সময়
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৮ বার পেছাল।সোমবার (১৪ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৯ অক্টোবর প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।যেভাবে চুরি হয় রিজার্ভের অর্থ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের অভ্যন্তরে থাকা একটি চক্রের সহায়তায় ওই অর্থ পাচার করা হয়।এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলাটির তদন্তভার পরদিন, ১৬ মার্চ, সিআইডিকে দেন আদালত। এরপর থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।