নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের হলরুমে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী এবং সাহিত্য-সংস্কৃতি কমিটির আয়োজনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনিরা জেসমিন, অর্থ সম্পাদক মো. মাহফুজার রহমানসহ কলেজের শিক্ষকরা।রবীন্দ্র ও নজরুল জয়ন্তী এবং সাহিত্য-সংস্কৃতি কমিটির আহ্বায়ক মনি শংকর দাশ গুপ্ত জানান, প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, একক অভিনয়, নৃত্য ও রচনা—এই পাঁচটি বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এসব প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাবুল হোসাইন ও রীমা রায়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাফিউল বাসার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ।