বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
বাংলাদেশের যুব হকিতে যোগ হলো নতুন আন্তর্জাতিক অর্জন। অনূর্ধ্ব-১৮ বালকদের ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬-এ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। একটি দল সরে যাওয়ায় প্রথম স্ট্যান্ডবাই হিসেবে থাকা বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথ তৈরি হয়েছিল গত জুলাইয়ে ওমানের মাসকাটে অনুষ্ঠিত ৫-এ-সাইড এশিয়া কাপের মাধ্যমে। ওই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দল। একই সঙ্গে টুর্নামেন্টটি ছিল বিশ্বকাপের বাছাইপর্ব।এশিয়া কাপ থেকে সরাসরি তিনটি দল বিশ্বকাপের টিকিট পায়। বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে না পারলেও প্রথম স্ট্যান্ডবাই দল হিসেবে ছিল। পরবর্তী সময়ে বিশ্বকাপের একটি জায়গা খালি হলে সেই সুযোগ পায় বাংলাদেশ।মিশরে হবে বিশ্বকাপঅনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে মিশরের ইসমাইলিয়ায়। আগামী ৭ ডিসেম্বর শুরু হবে প্রতিযোগিতা, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে বাংলাদেশের যুব দলের অংশগ্রহণ দেশের হকির জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে তরুণ খেলোয়াড়দের সামর্থ্য ও প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।