এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যর্থতার পেছনে মাঠের বাইরের ‘নেতিবাচক আলোচনা’ ও মানসিক চাপকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন দলের কোচ সারোয়ার ইমরান। টুর্নামেন্ট চলাকালে কোচ ও অধিনায়ককে দলে রাখা হবে কি না—এমন আলোচনা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান বলেন, এশিয়া কাপ থেকেই দলের সমস্যার সূত্রপাত। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প ব্যবধানে হারের পর থেকেই বিভিন্ন ‘নেগেটিভ খবর’ সামনে আসতে থাকে, যার প্রভাব এখনো দলকে বয়ে বেড়াতে হচ্ছে।তিনি বলেন, এসব নেতিবাচক খবর দলের খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এটিকে অজুহাত হিসেবে দেখছেন না জানিয়ে ইমরান বলেন, এটি ব্যর্থতার একটি কারণ হতে পারে।ব্যাটিং নিয়েও উদ্বেগবাংলাদেশের ব্যাটিং দুর্বলতার বিষয়টিও তুলে ধরেন কোচ। তাঁর মতে, অন্য দলগুলো যেখানে সহজেই ছক্কা হাঁকাচ্ছে, সেখানে বাংলাদেশ সেই জায়গায় পিছিয়ে পড়েছে। আগে যারা ছক্কা মারতে পারতেন, তাঁরাও এখন সেই সক্ষমতা দেখাতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।ইমরানের মতে, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দলের মানসিক অবস্থার উন্নতি জরুরি। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে ‘বুস্ট আপ’ করার প্রয়োজন থাকলেও সেটি এখন প্রত্যাশামতো করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।‘রাখবে না’ আলোচনা নিয়ে ক্ষোভমাঠের বাইরের নেতিবাচক আলোচনার প্রসঙ্গে ইমরান আরও বলেন, তাঁকে বা দলের অন্য কাউকে রাখা হবে না—এমন আলোচনা টুর্নামেন্ট চলাকালেই হচ্ছিল। তাঁর মতে, একটি প্রতিযোগিতা চলার মধ্যে কোচ ও অধিনায়ককে নিয়ে এ ধরনের আলোচনা দলের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে।তবে দলের অভ্যন্তরে বড় কোনো সমস্যা রয়েছে বলে মনে করেন না ইমরান। খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক বা বন্ডিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের মধ্যে সবকিছু স্বাভাবিক রয়েছে। তাঁর মতে, নেতিবাচক সমালোচনা মূলত ব্যক্তির ওপর প্রভাব ফেলে।