ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গসংগঠনের কেউ আইনশৃঙ্খলা লঙ্ঘন করলে দেশে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, সরকারে যারাই আসে, তারাই দাবি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। কিন্তু সেই ‘আগের’ সময় বলতে কী বোঝানো হচ্ছে, তা স্পষ্ট নয়। একইভাবে বাস্তবে ‘ভালো’ আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্রও দেখা যাচ্ছে না।বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা আছে কি?’দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও বাস্তবে ঘরে-বাইরে, পথে-ঘাটে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যার প্রসঙ্গ তুলে বলেন, হত্যার পর এখন নিজেদের ব্যর্থতা ও দায় এড়াতে ভুক্তভোগীকেই ‘দুষ্ট’ হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। তার ভাষ্য, কেউ অপরাধী হলেও তাকে হত্যার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় না; তাকে সংশোধনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।শফিকুর রহমান বলেন, এভাবে দায় এড়িয়ে অন্যের ওপর দোষ চাপানো কোনোভাবেই শুভ লক্ষণ নয়।‘অস্ত্র-মাদকের ব্যবসা হাতবদলের কথা তারাই বলছেন’ক্ষমতাসীন দলের নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সরকারদলীয় শীর্ষ নেতারাই সংসদ ও বিভিন্ন বক্তব্যে অস্ত্র ও মাদকের ব্যবসা হাতবদল হওয়ার কথা স্বীকার করছেন।তিনি বলেন, দলের প্রভাবশালীদের একটি অংশ এখন এসবের দায়িত্ব নিয়েছে—এমন কথাও তাদের সিনিয়র নেতারাই বলছেন। বড় বড় মাদকের চালান কোন এলাকা দিয়ে আসছে, সে বিষয়েও তাদের নেতারা বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি।‘এসব কথা কিন্তু আমাদের নয়, তাদের নিজেদেরই বক্তব্য’—বলেন শফিকুর রহমান।‘শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করতে আগুন-সহিংসতা’বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর ও সহিংসতার অভিযোগ প্রত্যাখ্যান করেন জামায়াত আমির।তিনি বলেন, নিজেদের কর্মসূচি সফল করতে চাইলে আগের দিন গাড়িতে আগুন দেওয়ার মতো কাজ কেউ করবে না। তার অভিযোগ, বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করার লক্ষ্যেই কেউ কেউ আগুন ও সহিংসতার পরিস্থিতি তৈরি করে।এ সময় রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য পরিহার করে দেশে আইনের শাসন, শৃঙ্খলা ও জননিরাপত্তা প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা ছাড়াও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।