ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আইন ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করতে দিনব্যাপী ‘লিগ্যাল লিটারেসি বুটক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত এ বুটক্যাম্পে সংবিধান, ফৌজদারি আইন, আন্তর্জাতিক অপরাধ, সাইবার নিরাপত্তা, পারিবারিক আইন, ভূমি আইন, কোম্পানি আইন, কর ও ভ্যাটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইনজীবী ও বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন।বুটক্যাম্পে সাংবিধানিক আইন ও নাগরিক অধিকার বিষয়ে আলোচনা করেন সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিক। ফৌজদারি আইনের সুরক্ষা নিয়ে আলোচনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইন ও বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। ডিজিটাল ও সাইবার সুরক্ষা বিষয়ে আলোচনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনুভা শেলী।এ ছাড়া লিগ্যাল এইড বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ মিফতাহুল জান, পারিবারিক আইন ও নারী অধিকার বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, কোম্পানি আইন, ঋণখেলাপি ও চেক ডিজঅনার বিষয়ে ব্যারিস্টার সাকিব মাহবুব, জমিজমা-সংক্রান্ত বিরোধের আইন বিষয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং ট্যাক্স ও ভ্যাট আইন বিষয়ে অ্যাডভোকেট শাইখ আল হাসান জনি আলোচনা করেন।দিনব্যাপী আলোচনা শেষে বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া এবং কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া।বুটক্যাম্পের পাশাপাশি সিনেট প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শের ব্যবস্থা করা হয়। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ নেন।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া।তথ্যসূত্র: জাগোনিউজ২৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬।