রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।ডা. শফিকুর রহমানের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। লুটপাটের পর কেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।তিনি পোস্টে প্রশ্ন তোলেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’ তাঁর দাবি, ঘটনার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করা প্রয়োজন।স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলার ঘটনায় এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগের কথা প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও এসেছে।জামায়াত আমির বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটছে।তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।