বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। একদিকে অভিনয় দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, অন্যদিকে ব্যক্তিজীবনের নানা অজানা তথ্যও প্রায়ই তাকে আলোচনায় আনে। এরই মধ্যে সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ক্যাবারে লুকে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।মহেশ ভাট ও সোনি রাজদানের মেয়ে আলিয়ার জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ মুম্বাইয়ে। চলচ্চিত্র পরিবারে বেড়ে উঠলেও বড় পর্দায় তার অভিষেক হয় ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে। তবে এরও আগে ১৯৯৯ সালে মাত্র ছয় বছর বয়সে ‘সংঘর্ষ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি। সেখানে প্রীতি জিন্টার শৈশবের চরিত্রে দেখা যায় তাকে।‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন আলিয়া। ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায়। মাদকাসক্ত তরুণীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে নিজের অভিনয়ক্ষমতার প্রমাণ দেন।এরপর মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায় কাশ্মীরি গুপ্তচরের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় গঙ্গুবাই চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পান তিনি। অভিনয়ের পাশাপাশি ‘ডার্লিংস’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন।ব্রিটিশ নাগরিকত্ব ও শৈশবের অভিনয়আলিয়ার জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে হলেও তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তার মা সোনি রাজদান ব্রিটিশ ও জার্মান বংশোদ্ভূত হওয়ায় আলিয়া জন্মসূত্রে ব্রিটিশ পাসপোর্টের অধিকারী।‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জন্য প্রায় ৪০০ জন প্রার্থীর অডিশন নেওয়া হয়েছিল। সেই প্রতিযোগিতায় নির্বাচিত হন আলিয়া। সিনেমাটির জন্য মাত্র তিন মাসে ১৬ কেজি ওজন কমাতে হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অদ্ভুত কিছু পছন্দআলিয়ার পছন্দের তালিকাতেও রয়েছে কিছুটা ভিন্নতা। নারীদের ফলের মতো মিষ্টি সুগন্ধির চেয়ে পুরুষদের ভারী পারফিউম তার বেশি পছন্দ। আবার অন্ধকার ঘরের প্রতি তার তীব্র ভয় রয়েছে। ভারতীয় খাবারের মধ্যে পোহা ও ছাঁচ বা বাটার মিল্কও তার পছন্দের।অভিনয়ের বাইরে চিত্রাঙ্কনেও আগ্রহ রয়েছে আলিয়ার। অবসর সময়ে তিনি ক্যানভাসে চারকোল পেন্টিং করতে ভালোবাসেন। পাশাপাশি প্রফেশনাল মিউজিক স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন এবং নিজের অভিনীত কয়েকটি সিনেমায় গানও গেয়েছেন।২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। একই বছর তাদের কন্যাসন্তান রাহার জন্ম হয়।‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ক্যাবারে লুকসম্প্রতি ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়ার নতুন লুক প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দুটি পোস্টারে তাকে মঞ্চে পারফর্ম করতে দেখা যায়। মাথায় পালকের হেডড্রেস, ক্রপ টপ, থাই-হাই স্লিটের স্কার্ট ও বুট—সব মিলিয়ে তার সাজে ছিল ক্যাবারে শোর আবহ।আলিয়ার এই লুকের প্রশংসা করেছেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। ইনস্টাগ্রামে জিনাত আমানের মন্তব্যের জবাবে আলিয়া জানান, শুটিংয়ের সময় সেটে তাকে নিয়ে অনেকবার কথা হয়েছে। তাই তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আলিয়ার কাছে বিশেষ কিছু।পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জিনাত আমানও নতুন লুকটির প্রশংসা করেন। আলিয়ার ‘আলফা’ সিনেমার সহশিল্পী শর্বরী তাকে ‘আইকনিক’ বলে মন্তব্য করেন। রণবীরের মা নীতু কাপুরসহ রিদ্ধিমা কাপুর, ভূমি পেডনেকর ও হানসিকাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান।এর আগে প্রকাশ করা হয় রণবীর কাপুরের প্রথম লুক। ভিনটেজ নীল গাড়িতে বসা রণবীরকে সাদা টি-শার্ট, সানগ্লাস ও পেছনে আঁচড়ানো চুলে দেখা যায়। তবে তার এক হাত ছিল রক্তে ঢাকা। পোস্টারটি শেয়ার করে আলিয়া লিখেছিলেন, ‘হেই হ্যান্ডসাম’।যুদ্ধের আবহে প্রেমের গল্পসঞ্জয় লীলা বানসালির পরিচালনা, চিত্রনাট্য, প্রযোজনা, সম্পাদনা ও সংগীত পরিচালনায় নির্মিত হচ্ছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।সিনেমাটির গল্প সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে এটিকে যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রেমের গল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত কিছু লুক থেকে ধারণা করা হচ্ছে, রণবীর ও ভিকি সামরিক কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একই ছবিতে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করছেন রণবীর, আলিয়া ও ভিকি।রণবীরের সঙ্গে বানসালির এর আগে কাজ হয়েছে ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’ সিনেমায়। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর পর আবারও বানসালির সঙ্গে কাজ করছেন আলিয়া। রণবীর ও ভিকি এর আগে ‘সঞ্জু’, আর আলিয়া ও ভিকি ‘রাজি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। রণবীর ও আলিয়াকে দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব’ সিনেমাতেও।তথ্যসূত্র: কালবেলা অনলাইন, হিন্দুস্তান টাইমস