পবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, সহপাঠীকে মারধর-ছিনতাই
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি এবং তাঁর সহপাঠীকে মারধর ও টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুমকি থানায় মামলা করেছেন।মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পবিপ্রবির ২০ বছর বয়সী ওই ছাত্রী তাঁর ২৩ বছর বয়সী এক সহপাঠীর সঙ্গে দক্ষিণ দুমকির জামেয়া দাখিল মাদ্রাসা সড়কে ঘুরতে যান। এ সময় রিফাত তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন তাঁদের পথরোধ করে আটক করেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে বলা হয়, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রথমে ওই ছাত্রীর সহপাঠীকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আলাদা স্থানে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।ঘটনার পরদিন ওই ছাত্রী বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। মামলায় রিফাত তালুকদারসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিস্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একদল বখাটে যুবকের উৎপাত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।