পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে প্রতিবাদ সভা ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিরা।রোববার দুপুরে উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘পোল্ট্রি খামার বাঁচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাঁচাও’ স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক মিয়া। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সিনিয়র সহসভাপতি ওসমান মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার, শিবপুর উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের ইউসুফ এবং নারী খামারি স্বপ্না বেগমসহ অন্যরা।সিন্ডিকেটের অভিযোগসমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের কিছু অসাধু কোম্পানি সিন্ডিকেটের মাধ্যমে পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। এতে প্রান্তিক খামারি ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তাদের আরও অভিযোগ, এসব কোম্পানি নিজেরাই ডিম ও মাংস উৎপাদন করে বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ অবস্থায় করপোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রান্তিক খামারি ও ব্যবসায়ীদের সুরক্ষায় কঠোর প্রশাসনিক তদারকি এবং সরকারের সরাসরি হস্তক্ষেপের দাবি জানান তারা।মহাসড়কে যানজটআলোচনা সভা শেষে পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি মহাসড়ক অবরোধ করেন তারা।অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।