বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ব্রুনাইয়ের হাইকমিশনারের সঙ্গে ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।বিশেষ করে বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনাইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়ে বৈঠকে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা।বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা ব্রুনাইয়ের হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।