সিইসির পদত্যাগের দাবিতে ২ অক্টোবর ‘জেল ভরো’ কর্মসূচি ককরোচ পার্টির
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৪১ সময়
ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি) নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পাওয়ার পর আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেফতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।সোমবার (২৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এ কর্মসূচি ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজী পার্ক শুধু খেলাধুলার জন্য নির্ধারিত। সেখানে রাজনৈতিক সমাবেশ হলে শব্দদূষণের পাশাপাশি আশপাশের বড় হাসপাতালগুলোর রোগীদের যাতায়াতে সমস্যা হতে পারে। এ কারণে সেখানে রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশের এ সিদ্ধান্তের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ দীপক বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধে এ ধরনের কৌশল কোনোভাবেই মেনে নেওয়া হবে না।ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর থেকেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। এরই ধারাবাহিকতায় এবার ‘জেল ভরো’ কর্মসূচির ঘোষণা দিল দলটি।তথ্যসূত্র: এনডিটিভি।