বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়ার অভিযোগে ২২টি অনলাইন প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মে লেনদেন না করতে এবং এগুলোর কার্যক্রম পরিচালনা বা অংশগ্রহণ থেকে বিরত থাকতে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংক জানায়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা কিংবা পরিশোধ সেবা দিতে পারে না। লাইসেন্স ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।শনাক্ত ২২ প্ল্যাটফর্মকেন্দ্রীয় ব্যাংকের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো—BohudurPay (বহুদূরপে), ZiniPay (জিনিপে), PayTiller (পে-টিলার), BengaliPay (বেঙ্গলিপে), Payora BD (পেওরা বিডি), SohojPay BD (সহজপে বিডি), EasyPayWay (ইজিপেওয়ে), AK Pay (একে পে), BD PAY (বিডি পে), ShajgarPay (সাজঘরপে), AsthaPay/CPay (আস্থাপে/সিপে), UddoktaPay (উদ্যোক্তাপে), Walletmix (ওয়ালেটমিক্স), BttPay (বিটিটিপে), Easy Pay Automation (ইজি পে অটোমেশন), UniquePay BD (ইউনিকপে বিডি), BD AUTO PAY (বিডি অটো পে), RH Pay BD (আরএইচ পে বিডি), EzePay (ইজিপে), AutoPay.Ltd (অটোপে লিমিটেড), Biswasto (বিশ্বস্ত) এবং PipraPay (পিপড়াপে)।অর্থের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বানবিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা ও এতে অংশগ্রহণ থেকে বিরত থাকা প্রয়োজন। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের লেনদেন না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, লাইসেন্স ছাড়া পেমেন্ট এগ্রিগেটর সেবা পরিচালনা করা আইন অনুযায়ী অপরাধ। তাই অনুমোদনহীন এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।