আশাশুনিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধসে, প্লাবনের শঙ্কায় ১২ গ্রাম
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৪:৪২ সময়
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার ভোররাতে ভাঙনের সূত্রপাত হলেও সকাল ৭টার দিকে তা ভয়াবহ রূপ নেয়। এতে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধ ও ওয়াপদা সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে নদী ও খালের দিকে বিলীন হয়ে গেছে।হঠাৎ বাঁধ ধসে পড়ায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে প্রতাপনগরসহ আশপাশের ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়রা জানান, ২০১৯ ও ২০২০ সালের ঘূর্ণিঝড় ও জোয়ারের পানিতে এ অঞ্চলের মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন। দীর্ঘদিনের প্রচেষ্টায় ঘুরে দাঁড়াতে শুরু করা উপকূলের এসব মানুষ নতুন করে ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।ভাঙনের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে বাঁধ রক্ষায় কাজ শুরু করেন। স্বেচ্ছাশ্রমে বালি ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।স্থানীয় প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সকাল থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভাঙন মোকাবিলায় কাজ করছি।’আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।’
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আনুমানিক ৫০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোত সামলে দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু করা হবে।’