যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’-এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আন্তর্জাতিক এ র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএই তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রকাশ করে। এতে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই ৮০০-এর আগের ব্যান্ডে স্থান পায়নি।র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার পরিবেশ, গবেষণার মান, গবেষণার প্রভাব, আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।প্রকাশিত তালিকা অনুযায়ী, ৮০১ থেকে ১০০০-এর ব্যান্ডে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রথম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বিতীয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চতুর্থ অবস্থানে রয়েছে।১০০১ থেকে ১২০০-এর ব্যান্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পঞ্চম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ষষ্ঠ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সপ্তম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অষ্টম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি নবম এবং যবিপ্রবি দশম অবস্থানে রয়েছে।যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শীর্ষস্থান অর্জন করায় তারা আনন্দিত ও গর্বিত। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে ভূমিকা রেখেছে।যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্য। ভবিষ্যতে গবেষণার পরিধি বাড়ানো, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে।উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এ অর্জন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট বিভাগের নয়; এটি যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬’-এ যবিপ্রবির অবস্থান ছিল ১০০১ থেকে ২০০০-এর মধ্যে। এক বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টি এবার ১০০১ থেকে ১২০০-এর ব্যান্ডে স্থান পেয়েছে এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।