ইরানে সম্ভাব্য নতুন সামরিক অভিযানকে কেন্দ্র করে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনার নিরাপত্তা জোরদারে আরও দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তা ও একজন আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।সৌদি ও কাতারে একটি করে ব্যাটারিপ্রতিবেদন অনুযায়ী, গত মাসে সৌদি আরবে একটি প্যাট্রিয়ট ব্যাটারি মোতায়েন করা হয়। দেশটির একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা সুরক্ষায় এটি ব্যবহার করা হচ্ছে। একই সময়ে কাতারেও একটি প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হয়েছে, যার মাধ্যমে একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনা সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু হলে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় ওয়াশিংটন তাদের পাশে থাকবে—এমন আশ্বাসের অংশ হিসেবেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্পবৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে আবারও বোমা হামলা শুরু করা হবে কি না, তা তিনি বিবেচনা করছেন।এর আগে আগস্টের শুরুতে সৌদি আরব ও কাতারের নেতারা ট্রাম্পকে ইরানের জ্বালানি অবকাঠামোসহ দেশটির ওপর বড় ধরনের সামরিক হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন বলে জানিয়েছে অ্যাক্সিওস। তাদের আশঙ্কা ছিল, এমন হামলার জবাবে ইরান সৌদি আরব ও কাতারের তেল-গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে।এ পরিস্থিতিতে দুই উপসাগরীয় দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়টি সামনে এসেছে।