ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।রোববার সচিবালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।প্রতিবন্ধকতা দূর করে সমন্বিতভাবে কাজের নির্দেশসভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে প্রকল্পের নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং সেই অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।দ্রুত দৃশ্যমান অগ্রগতির তাগিদঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড প্রকল্পকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেন। বিদ্যমান পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।