জাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, একজনকে ২৪ ঘণ্টায় জবাব দিতে নোটিশ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৯ সময়
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তাদের মধ্যে একজনকে সাংগঠনিক পদ থেকে এবং অপরজনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।দুই নেতাকে বহিষ্কারকেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ছাত্রনেতা রাসেল খন্দকারকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।আরেক নেতাকে শোকজঅন্যদিকে, পৃথক নোটিশে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তি ও নোটিশে শৃঙ্খলাভঙ্গের অভিযোগগুলোর সুনির্দিষ্ট ধরন বা ঘটনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।