ভাঙ্গায় গাড়ির ধাক্কায় নির্মাণশ্রমিক নিহত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১১:২২ সময়
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হয়ে পিকআপে ওঠার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় ছমর আলী (৪০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ছমর আলী জামালপুরের ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পাইলিং নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজে অংশ নিতে সহকর্মীদের সঙ্গে পিকআপে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন ছমর আলী। পথে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে তারা একটি হোটেলে নাশতা করেন।নাশতা শেষে মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের দিকে হেঁটে যাচ্ছিলেন ছমর আলী। এ সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা ও নিয়ন্ত্রণহীন যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত এবং এর চালককে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।