রায়গঞ্জে পুকুরে মিলল যুবকের মরদেহ, পানিতে ডুবে মৃত্যু
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৯ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রতন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের রহিম বক্সের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোররাত ৩টার দিকে রতন বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকালে বাড়ির পাশের পুকুরে রতনের লাশ দেখতে পান তার মা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহতের বাবা রহিম বক্স জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই মাতলামি করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্যদের মারধর করতেন। এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।