মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে নির্যাতন, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৩ সময়
রাজধানীর মিরপুরে রুটি চুরি করে খাওয়ার অভিযোগে এক পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী রিপন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার মেয়েশিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, গত শনিবার রাতে মিরপুর-১ নম্বর এলাকায় মেয়েশিশুটিকে মারধরের ঘটনা ঘটে। পরে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রোববার থেকে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও সোমবার দুপুরে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মেয়েশিশুটিকে মারধর করছেন। এ সময় এক পথচারী তাকে থামানোর চেষ্টা করলে পাশে থাকা আরেক ব্যক্তি ওই পথচারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে ভিডিওতে দেখা যায়।ভিডিওটি প্রকাশ করে জুলকারনাইন খান সায়ের দাবি করেন, মিরপুরের একটি মার্কেটের নিরাপত্তাকর্মী এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুটিকে নির্মমভাবে মারধর করেন।তিনি এ ধরনের নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, কোনো অপরাধের অভিযোগ থাকলেও কাউকে শারীরিকভাবে নির্যাতনের সুযোগ নেই। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করাই আইনসম্মত ব্যবস্থা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মী ও তার সহযোগীর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।