সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি অপরাধ, বিশেষ করে টার্গেট কিলিংয়ের ঘটনা বিবেচনায় নিয়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনায় বিশেষ অভিযান (স্পেশাল ড্রাইভ) শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক।পুলিশ সূত্রে জানা যায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ঘটনা, বিশেষ করে টার্গেট কিলিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও জোরদার করতে এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে।খুলনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ৬ অক্টোবর রাত থেকে এ অভিযান শুরু করে। অভিযানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, দুষ্কৃতকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও আদালতের পরোয়ানা তামিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানের প্রথম দিনেই জেলার বিভিন্ন ইউনিটের অভিযানে মোট ৯৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য জেলা পুলিশের নজরদারি জোরদার থাকবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে খুলনা জেলা পুলিশ।
তথ্যসূত্র: খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং; পুলিশ সুপার সরকার ওমর ফারুকের বক্তব্য।