সরকার প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগেই ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার ট্রেজারি বন্ড কিনে নিয়েছে। বৃহস্পতিবার বাইব্যাক নিলামের মাধ্যমে দুই বছর মেয়াদি এসব বন্ড বিনিয়োগকারীদের কাছ থেকে পুনরায় কেনা হয়। সরকারি ঋণের মেয়াদ কাঠামো ভারসাম্যপূর্ণ করা এবং বাজারে থাকা বন্ডের সংখ্যা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ওপর এ বাইব্যাক নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ৫৬টি বিডের বিপরীতে ২ হাজার ১৬ কোটি ১৪ লাখ টাকার প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে নিলাম কমিটির নির্ধারিত দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার বিড গ্রহণ করা হয়েছে।সরকারি ঋণ ব্যবস্থাপনায় নতুন পদ্ধতিমেয়াদ শেষ হওয়ার আগে সরকার কর্তৃক আগে বিক্রি করা বন্ড বিনিয়োগকারীদের কাছ থেকে পুনরায় কিনে নেওয়ার প্রক্রিয়াকে বাইব্যাক বলা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে এ ধরনের বাইব্যাক নিলাম এবারই প্রথম অনুষ্ঠিত হলো।কেন্দ্রীয় ব্যাংকের মতে, এর মাধ্যমে সরকারি ঋণ ব্যবস্থাপনায় নতুন ও বাজারভিত্তিক পদ্ধতির সংযোজন হয়েছে। এ উদ্যোগের ফলে সরকারের ঋণের মেয়াদ কাঠামো আরও সুষম হবে। একই সঙ্গে ভবিষ্যৎ অর্থায়ন ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে এবং ঋণের ব্যয় ও ঝুঁকি আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ প্রক্রিয়া সরকারের দায় ব্যবস্থাপনা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতে বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারের ঋণের কাঠামো বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী আবারও বাইব্যাক নিলাম আয়োজন করা হতে পারে।এক মাসের সুদ দিতে হবে নাবাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সাধারণত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষ হলে সরকার সংশ্লিষ্ট দায় পরিশোধ করে। তবে এবার মেয়াদপূর্তির প্রায় এক মাস আগেই বন্ডগুলো কিনে নেওয়া হয়েছে। ফলে ওই সময়ের জন্য সরকারকে আর সুদ পরিশোধ করতে হবে না।তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি ও আমার দেশ, ৮ অক্টোবর ২০২৬