বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে দেশের যে ক্ষতি হয়েছে, তা বর্ণনা করা সম্ভব নয়। তাঁর অভিযোগ, বিভিন্ন ধরনের চক্রান্তের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল তৎকালীন সরকার। তবে জনগণ সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশ্ব পরিস্থিতির প্রভাবে অর্থনৈতিক সংকটগ্যাসসংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সংকট নিরসনে আরও এক বছর সময় লাগতে পারে। তারপরও সরকার যতটা সম্ভব গ্যাস আমদানি করে সরবরাহ অব্যাহত রেখেছে।তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরান, ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলের সংঘাতের প্রভাব পড়েছে অর্থনীতিতে। সৌদি আরবের পরিস্থিতির কথাও উল্লেখ করে তিনি বলেন, নানা কারণে বাংলাদেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। এ সংকট শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী।মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশের ক্ষতি হয়েছে। তাঁর দাবি, এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলেও ব্যাপক ক্ষতি হয়েছে।গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বানরশিদুজ্জামান মিল্লাত অভিযোগ করেন, কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা রয়েছে। যাচাই না করে কোনো তথ্য প্রচার করা উচিত নয়। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল আচরণ ও গঠনমূলক মতপ্রকাশের ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠান শেষে মন্ত্রী পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।বকশীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এতে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।তথ্যসূত্র: যুগান্তর, ১৬ অক্টোবর ২০২৬; বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।