অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলার আসামি; ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের তথ্য নিশ্চিতকাতারে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলার আসামি তিনি। গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রোববার (১৮ অক্টোবর) ইন্টারপোলের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দুদক।দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম রোববার আমার দেশকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ৩ কোটি ২৮ লাখ টাকা২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দুটি করেন দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকার।মামলার অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানায় দুদক।সংস্থাটির অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে তিনি এসব সম্পদ অর্জন করেছেন। সন্দেহজনক ব্যাংক লেনদেনের মাধ্যমে অর্থের উৎস গোপন করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।স্ত্রীর বিরুদ্ধেও সম্পদ অর্জন ও লেনদেনের অভিযোগঅপর মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দুদক।মামলার অভিযোগ অনুযায়ী, স্বামীর সহায়তায় তাহমিদা এসব সম্পদ অর্জন করেন। এ মামলায় তাহমিদার পাশাপাশি শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে।দুদকের অনুসন্ধানে কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে হান্নানের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের তথ্য পাওয়ার কথা জানানো হয়েছিল। এ ছাড়া কানাডায় তাঁর সন্তানদের নামে বিপুল সম্পদ থাকার তথ্য পাওয়ার দাবিও করেছিল সংস্থাটি। এসব সম্পদের বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করার কথা জানিয়েছিল দুদক।জমি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশদুর্নীতির অভিযোগ অনুসন্ধানের মধ্যে ২০২৫ সালের ৫ মে শেখ আব্দুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।পরদিন দুদকের আবেদনে হান্নানের জমি, বাড়ি ও তিনটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। ওই বছরের ২৪ মে হান্নান, তাঁর স্ত্রী ও ছেলের নামে থাকা মোট ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।একই বছরের ১১ নভেম্বর হান্নানের সহযোগী সানজিদা আক্তারের নামে থাকা দুটি ফ্ল্যাট জব্দ এবং ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। দুদকের আবেদনে অভিযোগ করা হয়, অবৈধভাবে অর্জিত সম্পদের মালিকানা আড়াল করতে সানজিদার নামে ফ্ল্যাট দুটি কেনা হয়েছিল।চলতি বছরের ৩০ মার্চ শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। মামলার তদন্তের প্রয়োজনে দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটের কচুয়া উপজেলায় হান্নানের নামে থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন আদালত। দুদকের আবেদনে জমিটির দলিলমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা উল্লেখ করা হয়।২০২১ সালে বিমান বাহিনীর প্রধান হনশেখ হাসিনা সরকারের সময়ে ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন শেখ আব্দুল হান্নান। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।