নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৮:৫২ সময়
নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুই দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতরা হলেন- উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।জানা যায়, একদল দিনমজুর সকালে ব্যাটারিচালিত অটো গাড়িতে কাজের উদ্দেশ্য যাচ্ছিলেন। এসময় একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই ৭ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।