সলঙ্গায় ঢাকা বাসস্ট্যান্ডে রাস্তার মাঝে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো, তীব্র যানজটে ভোগান্তি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩০ সময়
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর অভিযোগ উঠেছে। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে রয়েছে। এতে মহা সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার বাসগুলো মহাসড়কের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর কারণে পেছনে থাকা যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছে।হাটিকুমরুল ইন্টারচেঞ্জ উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করে। এমন গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোয় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।স্থানীয়দের মতে, মহাসড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। নির্ধারিত বাসস্ট্যান্ড ও যাত্রী ওঠানামার স্থান ব্যবহার নিশ্চিত করা গেলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।এ অবস্থায় সংশ্লিষ্ট সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন। জনদুর্ভোগ কমাতে মহাসড়কে অবৈধভাবে গাড়ি দাঁড় করানো বন্ধ এবং নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান মুঠোফোনে বলেন, আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছি। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।