শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, ফাউন্ডেশনে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা বিভাগীয় কমিশনারের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৫ সময়
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।‘নতুন প্রজন্মের অনুপ্রেরণা আবু সাঈদ’সফরকালে বিভাগীয় কমিশনার প্রথমে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তাঁর কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শহীদ আবু সাঈদ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। নিজের বুকের রক্ত দিয়ে জুলাই বিপ্লবকে সাফল্যের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তিনি আরও বলেন, নতুন প্রজন্মের উচিত শহীদ আবু সাঈদের জীবন থেকে সাহস ও শিক্ষা গ্রহণ করা। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সাহসী অবস্থান তরুণদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন বিভাগীয় কমিশনার। তাঁর এ উদ্যোগ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।সফরকালে রংপুরের জেলা প্রশাসনের কর্মকর্তা ইসরাত জাহান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।