সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশ্বাস সুপার মার্কেটের তিনটি প্রতিষ্ঠানের গোডাউন, মেশিনপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে বেডিং ব্যবসায়ী জহুরুল ইসলামের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। একই ঘটনায় মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল এবং শাহাদতের গোডাউনের মালামাল, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর ভূঞাগাঁতী জোনাল অফিসের ডিজিএম মো. নেজামুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভবনের বৈদ্যুতিক ওয়্যারিংয়ে নিম্নমানের তার ব্যবহারের কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে সবাই বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।