জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংগ্রহ করা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।পুলিশ জানায়, ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। ফলে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন।সিএনজিতে এসে গুলি ছোড়ার অভিযোগপুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনের ফুটপাতে আসিফ আকবরের ‘ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭’ নম্বরের ব্যক্তিগত গাড়িটি পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গেছে।জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়। পুলিশ সেটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে।সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছেতেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আসিফ আকবরও এ বিষয়ে কিছু বলতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।এর আগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে।ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশঘটনার পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসিফ আকবরের সঙ্গে কথা বলেন।তিনি সাংবাদিকদের জানান, গুলির ঘটনায় কারা জড়িত এবং এর পেছনের কারণ কী, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। আসিফ আকবরের সঙ্গে কারও পূর্বশত্রুতা বা ব্যবসায়িক বিরোধ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।