চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক খনির নিচে আটকা পড়েছেন। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে অন্তত ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত খনি থেকে প্রায় ২০০ শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন।
ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল। প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাসকারী এই প্রদেশ থেকে গত বছর প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা দেশটির মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।
তবে দীর্ঘদিন ধরেই শানসির খনি শিল্পে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, অতিরিক্ত মুনাফার আশায় অনেক খনি কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি যথাযথভাবে মানছে না। ফলে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে দেশটির বিভিন্ন কয়লা খনিতে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক