সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পশ্চিম মথুরাপুর গ্রামে জোরপূর্বক জমি দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছের সঙ্গে বেঁধে নারী নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী জুলেখা বেগম (৩৮) বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে পশ্চিম মথুরাপুর গ্রামের মো. আবু সাঈদের ছেলে মো. লিটন (৩০), আব্দুর রাজ্জাক (৪০), মেনহাজ আলী (২৮), তার স্ত্রী হাফিজা খাতুন (৫০), মো. ছমের আলী শেখের ছেলে বাবু মিয়া (৪৫), মিনু মিয়া (৪০), রেজাউল করিম (৩৫), আব্দুর রাজ্জাকের স্ত্রী খাদিজা খাতুন (৩৫), আবু সাঈদের ছেলে এশারত আলী (২৮), বাবু মিয়ার ছেলে বিতান আলী (১৯), লিটনের মেয়ে আন্না খাতুন (২৫) এবং এশারত আলীর স্ত্রী লাবনী খাতুন (২২)সহ অন্যান্যরা সংঘবদ্ধভাবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী জুলেখা বেগম অভিযোগে জানান, সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সুজাপুর মৌজায় তার স্বামীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্রায় ২০ শতক জমির মধ্যে ১২ শতক জমিতে পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক টিন ও বাঁশ দিয়ে বসতবাড়ি নির্মাণ শুরু করে অভিযুক্তরা। এতে বাধা দিতে গেলে বাবু গংয়ের নির্দেশে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় এবং একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

প্রথম দর্পণ,ডেস্ক