দুই দশকেও সংস্কার হয়নি নলছিটির সবুজবাগ সড়ক, ভোগান্তিতে শত শত মানুষ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ রাত
  • ৫৬১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক প্রায় দুই দশক ধরে সংস্কার বা পুনর্নির্মাণের অপেক্ষায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ এ সময়ে সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি ও ভোগান্তি নিয়ে এ পথে চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ সড়কটি ব্যবহার করেন। শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ থেকে শুরু করে বাজারমুখী বাসিন্দাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি যাতায়াতের পথ।

সড়কটি শুধু আবাসিক এলাকার যোগাযোগের মাধ্যম নয়। এ পথ দিয়ে সহজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পোস্ট অফিস, সেবা ক্লিনিক, স্কুল-কলেজ ও স্থানীয় বাজারে যাতায়াত করা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। শিশু, বয়স্ক ব্যক্তি ও রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে যাতায়াতের সময় সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে।

সবুজবাগ এলাকার বাসিন্দা ও নিয়মিত পথচারীরা জানান, সড়কটির দুরবস্থার বিষয়টি বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কারকাজ হয়নি। তাঁদের ভাষ্য, এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি জনপথ দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক।

স্থানীয়দের দাবি, নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় সড়ক উন্নয়নের প্রস্তাব আগেও বিভিন্ন প্রকল্প-সংক্রান্ত কাগজপত্রে উঠে এসেছে। কিন্তু তাঁদের অভিযোগ, এসব উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়নি।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সড়কটি সংস্কার হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতীক কুমার কুন্ড বলেন, ‘খুব শিগগিরই এ জনবহুল সড়কের কাজ শুরু হবে। এতে জনগণের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছি।’

তবে কাজ শুরুর বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা নির্দিষ্ট ঘোষণা পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad