৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগবান্ধব করার উদ্যোগ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ রাত
  • ৩৩১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
দীর্ঘ ৪২ বছর পর সংশোধন করা হচ্ছে দেশের বেসামরিক বিমান চলাচল বিধিমালা। ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন, উড়োজাহাজের নিরাপত্তা ও বিমান চলাচলের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হচ্ছে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, ১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার বেসামরিক বিমান খাতে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ কারণে নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে।

এয়ারলাইন্স প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাঁরা এ খাতের গুরুত্বপূর্ণ অংশীজন। বিনিয়োগ সহজ করতে বিধিমালা প্রণয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বেসরকারি এয়ারলাইন্সের সুবিধা বিবেচনায় নিয়ে বিমান রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, উড়োজাহাজের জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হবে। কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষায় নতুন বিধান যুক্ত করার উদ্যোগও নেওয়া হবে।

বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রতি তিন মাস অন্তর পরিদর্শন ও মহড়া আয়োজনের কথা উল্লেখ করেন মন্ত্রী। দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আন্তর্জাতিক মানের ম্যানটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এভিয়েশন হাব গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad