আলীয়া মাদরাসার শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : শিবির সভাপতি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ দুপুর
  • ২০৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg শিবির সভাপতি সাদ্দাম
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্নের ষড়যন্ত্রের অভিযোগ; শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের আহ্বান শিশির মনিরের

আলিয়া মাদরাসার শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তাঁর দাবি, মাদরাসার শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় বিশ্বাস দুর্বল করার উদ্দেশ্যে পাঠ্যবইয়ে বিভিন্ন মতবাদ ও সাহিত্যিকের লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার সকালে গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আলিম প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ডারউইনের মতবাদ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধে প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ‘ব্রাউনম্যান’ প্রজন্ম গড়ে তোলার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।

মাদরাসার পাঠ্যক্রম নিয়ে সমালোচনা

শিবির সভাপতি বলেন, চার-পাঁচ বছর আগেও মাদরাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার হার ও পাসের হার অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় বেশি ছিল। তাঁর অভিযোগ, বর্তমান ও বিগত সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে আলিয়া মাদরাসার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমানোর চেষ্টা হয়েছে।

তিনি আরও বলেন, আলিয়া মাদরাসার শিক্ষাকাঠামোকে স্কুল-কলেজের আদলে সাজানোর ফলে দুই ধারার পাঠ্যক্রমে পার্থক্য কমে এসেছে। স্কুল-কলেজে পড়ানো বইগুলোই আলিয়া মাদরাসায় পড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

মাদরাসা শিক্ষার আধুনিকায়নের আহ্বান শিশির মনিরের

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অর্থনীতি বিভাগে মাদরাসার শিক্ষার্থীদের ভর্তি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তা’মীরুল মিল্লাতসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ভালো ফল করার পরও এসব বিভাগে পড়ার সুযোগ পাচ্ছিলেন না বলে তিনি উল্লেখ করেন।

শিশির মনির বলেন, এ ঘটনায় তাঁরা মামলা করেছিলেন। তাঁর মতে, মাদরাসা শিক্ষার মান আরও উন্নত ও আধুনিকায়ন করা গেলে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।

মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য ধৈর্য ধরে পড়াশোনা, দক্ষতা অর্জন ও কাজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিরা

ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখা সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুর রব, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং গীতিকার ও সুরকার মশিউর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিল্পী মশিউর রহমান ও ‘তুরাগ শিল্পী গোষ্ঠী’ ইসলামী সংগীত পরিবেশন করেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad