ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি জানিয়ে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতের কেরালার তিরুবনন্তপুরমের মানবীয়ম বীথিতে জ্ঞানেশ কুমার ও এসআইআরবিরোধী এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা।
প্রতিবাদ সভায় পুলিশের বাধার অভিযোগপ্রতিবাদ সভা শুরুর আগে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশ আয়োজকদের বাধা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর সভা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
প্রকাশ রাজের অভিযোগ, প্রতিবাদ দমনের চেষ্টা এবং শিক্ষার্থী ও তরুণদের আটক করেও আন্দোলন থামানো যাবে না। মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আমাদের শরীরে গান্ধীর রক্ত আছে, আম্বেদকরের রক্ত আছে, ভগৎ সিংয়ের রক্ত আছে। আমরা লড়াই চালিয়ে যাব, সারা দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নপ্রতিবাদকারীদের বাধা দেওয়া ও আটকের ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রকাশ রাজ। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া এবং আন্দোলনকারীদের আটক করার বিষয়টি উদ্বেগজনক।
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, প্রতিবাদকারীদের থামানো হচ্ছে কেন এবং তাঁদের বেআইনিভাবে আটক করা হচ্ছে কেন। এসব ঘটনা নির্বাচন-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
‘ঘরে ঘরে তিরঙ্গা’ স্লোগাল নিয়েও প্রশ্নভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রকাশ রাজ ‘ঘরে ঘরে তিরঙ্গা’ স্লোগানের প্রসঙ্গ তোলেন। তাঁর প্রশ্ন, জাতীয় পতাকা নিয়ে প্রচারের আহ্বান জানানো হলেও শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে অংশ নিতে যাওয়া শিক্ষার্থী ও তরুণদের আটক করা হচ্ছে কেন।
প্রকাশ রাজের দাবি, প্রতিবাদকারীরা নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। তাঁর মতে, শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশজুড়ে গণতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
তথ্যসূত্র:প্রতিবেদনটি প্রকাশিত সংবাদে প্রকাশ রাজের বক্তব্যের ভিত্তিতে তৈরি।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স